বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের নতুনবাজারে সেনাবাহিনীর চলমান গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি মহড়া এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেনসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনী পরিচালিত এই বিশেষ মহড়ায় ২১ পদাতিক ব্রিগেডের ৩ টি ইউনিট অংশগ্রহণ করছে। মহড়াটি বর্তমানে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর এবং মাগুরা জেলার শালিখা উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলমান রয়েছে। পরিদর্শনকালে সেনাপ্রধান মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মহড়াটি সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। উল্লেখ্য যে, প্রতি বছরের ন্যায় নিয়মিত এই সামরিক মহড়াগুলো দেশের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে পরিচালিত হয়ে থাকে।