সারাদেশে মব সন্ত্রাস, আউলিয়ায়ে কেরামগণের স্মৃতিধন্য মাজারে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং জুয়া, মদ, গাঁজাসহ সকল প্রকার মাদক ব্যবসা বন্ধের দাবিতে আগামী ২৫ জুলাই শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরামের আয়োজনে অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে সারাদেশে আপামর জনসাধারণের মাঝে জাগরণ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জেলা, মহানগর এবং উপজেলায় এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। সে ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই ২০২৬) কুমিল্লায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কুমিল্লা শহরের হিলটন টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখযোগ্য পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী, পীরে তরিকত শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব, পীরে তরিকত মুফতি মহিউদ্দিন লতিফি, পীরে তরিকত আলহাজ্ব শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন শাহেদী বখশী, অধ্যক্ষ গোলাম মোস্তফা শাহ, অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলালী, অধ্যক্ষ সাইয়েদুল ইসলাম মোনাজেরী, অধ্যক্ষ আবু হানিফ, অধ্যক্ষ আ. ছাত্তার, পীরে তরিকত খন্দকার ওমর ফারুক, পীরে তরিকত খন্দকার মহিউদ্দিন শামী, শাহজাদা তাসাউফ শাহ আশরাফী, অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী প্রমুখ। সভায় বৃহত্তর কুমিল্লার জেলাগুলো থেকে ২৫ জুলাইর মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।