সাভারে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দের ওপর বোমা হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে দলটির জেলা, মহানগর ও সব ধরনের সহযোগী সংগঠন । মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলা হয়। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে নগরীর জুলাই চত্বর থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একটি মশাল মিছিল বের হয়ে সিটি বাজার, পায়রা চত্বর ও জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ করে রংপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, "ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ", "ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর" এবং "এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন"।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা শাখার আহ্বায়ক আল মামুন, মহানগর শাখার সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, মহানগর সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, গঙ্গাচড়া উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান মেফতাহুল, রংপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক কৃষ্ণকান্ত স্বাধীন, কাউনিয়া থানার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, ছাত্রশক্তি রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মারুফ হোসাইন রংপুর জেলা ছাত্রশক্তির সিনিয়র সংগঠক মো. সীমান্ত হোসেন, এবং যুবশক্তি রংপুর জেলা শাখার সদস্য সচিব মোরশেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন।
সমাবেশে আল মামুন বলেন, "জুলাই আন্দোলনে সারা দেশের মানুষ দল-মত নির্বিশেষে যেভাবে রাস্তায় নেমেছিল, তাতে স্পষ্ট ছিল তারা একটি পরিবর্তন চেয়েছিল। কিন্তু আজ জুলাইয়ের যোদ্ধাদের ওপর হামলা হচ্ছে, সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে।"
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "আপনি যদি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে দায়িত্ববোধ থেকে পদত্যাগ করুন। দেশে আরও অনেক দক্ষ ব্যক্তি আছেন, তাদের কাছে এই দায়িত্ব হস্তান্তর করুন।"
তিনি আরও বলেন, "বাংলার মানুষ আর বোমা হামলা দেখতে চায় না, নিরাপত্তাহীনতার মধ্যে বসবাসও করতে চায় না। সাভারে জুলাই যোদ্ধাদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি।"