ব্যস্ত কূটনৈতিক সূচি নিয়ে এবার তিন দেশে ২০ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউ ইয়র্ক, ম্যানিলা ও মালদ্বীপে সফরের উদ্দেশে শুক্রবার (১০ জুলাই) সকালে ঢাকা ছাড়ছেন তিনি।
তাঁর প্রথম গন্তব্য হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। এরপর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দেবেন। সফরের শেষ গন্তব্য মালদ্বীপ। সেখানে দেশটির জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। আগামী ৩০ জুলাই মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির কাজে প্রথমে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর দিয়ে তার যাত্রা শুরু করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য বলছে, ১০ থেকে ২৯ জুলাই বিদেশ সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন। সেখানে গিয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। অধিবেশন পরিচালনা এবং আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
জানা গেছে, ২০ দিনের সফরের বেশিরভাগ সময় নিউইয়র্কে অবস্থান করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
উল্লেখ্য, খলিলুর রহমানই হতে যাচ্ছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি। এর আগে ১৯৮৬-৮৭ সালে ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।