শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল কাদির (৬০) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেরপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার বাসিন্দা । তিনি দীর্ঘদিন ধরে উপজেলার ‘স্বদেশ ডায়াগনস্টিক’ সেন্টারে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ কর্মস্থলের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রংধনু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আব্দুল কাদিরকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাবনাজ বেগম তাকে মৃত ঘোষণা করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে নকলা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।