পরিবেশ রক্ষায়

প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে: বিভাগীয় কমিশনার

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৫:৫৪ পিএম
প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে: বিভাগীয় কমিশনার

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা' প্রতিপাদ্যে রংপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সীমিত প্রাকৃতিক সম্পদের সঠিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালা ও বনভূমির গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, উন্নত দেশগুলোর অতিরিক্ত শিল্পায়ন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বাড়ছে। এর প্রভাব থেকে বাংলাদেশও রেহাই পাচ্ছে না। অবৈধ ইটভাটার প্রসঙ্গ তুলে বিভাগীয় কমিশনার বলেন, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে নেওয়ায় উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম। অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নজির হোসেন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে