গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী "দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত "জুলাই পদযাত্রা ২০২৬"-এ অংশ নিতে আগামীকাল শনিবার (১১ জুলাই) চাঁদপুর আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিন বিকেল ৩টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জুলাই বিপ্লবীদের পথসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নোয়াখালী -৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ এম পি। যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম।সভাপতিত্বকরবেন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম এবং সঞ্চালনা করবেন, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী।অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা শেষে বিকেল ৫টায় নেতৃবৃন্দ মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নেবেন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে চাঁদপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এনসিপির নেতারা মনে করেন, ঐতিহাসিক জুলাইয়ের চেতনা ধারণ করে এই পদযাত্রা গণমানুষের প্রত্যাশাকে আরও বেগবান করবে। "দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত "জুলাই পদযাত্রা ২০২৬"-এ চাঁদপুরের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী এবং সচেতন জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।