শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গুল্লারপাড়া এলাকার চেল্লাখালি নদীর মোহনা অংশ পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন । বৃহস্পতিবার (৯ জুলাই) পরিদর্শনকালে তিনি নদীর পানির প্রবাহ বিপদসীমার অনেক ওপরে রয়েছে বলে লক্ষ্য করেন। এ পরিস্থিতিতে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। পানি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সম্ভাব্য নদীভাঙন ও প্লাবনের ঝুঁকি থেকে সড়ক রক্ষায় প্রয়োজনীয় স্থানে বাঁধ নির্মাণ এবং জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী (অ.দা.), নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এবং শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমানে উক্ত নদীর পানিপ্রবাহ স্বাভাবিক অবস্থায় আছে।