সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ শুক্রবার কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, “বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ এবং পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। জুলাই স্মৃতি জাদুঘর চালুর সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি খুলে দেওয়া হবে।:
নিতাই রায় চৌধুরী বলেন, “আওয়ামী লীগ সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শনগুলো ধ্বংস করেছে। বিগত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসময় জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন করা হয়নি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বিপুল অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বীমা খাত ধ্বংস করা হয়েছে।”
‘অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের পরিচালনা কমিটির কার্যক্রম কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানানো হবে’-উল্লেখ করেন তিনি।
এর আগে, কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেন নিতাই রায় চৌধুরী। এসময় প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শনের গুরুত্ব তুলে ধরে তার ইতিহাস ও ঐতিহ্যের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।