মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেল ডাকাত দলের সদস্য

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৭:১৭ পিএম
মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেল ডাকাত দলের সদস্য

মায়ের মৃত্যুর কারণে সাময়িক প্যারোলে মুক্তি পেয়ে জানাজা ও দাফন শেষে পুনরায় জয়পুরহাট জেলা কারাগারে ফিরে গেছেন আবু হায়াত নামের এক হাজতি। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। আবু হায়াত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবু হায়াতের মা তাহেরা বেগম (৬৫) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি উপজেলার আলমপুর গ্রামের মৃত আজিজার রহমানের স্ত্রী। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর ১০ জুলাই আইনি প্রক্রিয়া অনুসরণ করে আবু হায়াতকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়, যাতে তিনি মায়ের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময় শেষে শুক্রবার তাকে পুনরায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্যারোলে মুক্তি পাওয়া আবু হায়াত মূলত একটি আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সম্প্রতি একটি ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে তিনি জেলা হাজতে ছিলেন। মায়ের মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় আইনি প্রক্রিয়া মেনে তাকে সাময়িক প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। দাফন কার্যাক্রম শেষ হওয়ার পরপরই কড়া নিরাপত্তায় তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে