সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে: কৃষিমন্ত্রী

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৩:৪৫ পিএম
সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে: কৃষিমন্ত্রী

কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন,  বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সুখে দুঃখে আমরা পাশে থাকব। দেশের যেসব এলাকার কৃষকরা সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা শেষে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। শনিবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে এক সংবাদিকের প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহের জনবল রয়েছে। যখনই ফসলের কোন ক্ষতি হয় তখনই আমরা তাৎক্ষণিকভাবে জেনে যাই। এই বন্যার সময়ও আমরা সেই তথ্যগুলো জেনে যাচ্ছি। তবে এখন যা হয়েছে সেটি হল, এখন ধান কাটা শেষ। তারপরও যে আবার চারা লাগানো শুরু হয়েছে, সেটির বিশেষ কোনো ক্ষতি হয়নি। কিন্তু যে চারা গুলো পানির নিচে তলিয়ে গেছে সেগুলো যদি দীর্ঘ সময় পানির নিচে থাকে তাহলে পঁচে যাবে। আমরা ধরে নিতে পারি যে চারা রোপণ হয়েছে তার ২৫ শতাংশ বন্যায় আক্রান্ত হয়েছে। যে কারণে আমরা কৃষি মন্ত্রণালয় থেকে যেখানে যেখানে বীজ কিংবা চারা সংকট দেখা দিবে তা মোকাবেলা করতে প্রস্তুতি নিয়েছি। তিনি বলেন, এখন পর্যন্ত কী পরিমাণ ধানের জমি ডুবে গেছে এবং তা পুনরায় রোপণ করতে কী পরিমাণ চারা লাগবে-এসব তথ্য সংগ্রহ করে প্রস্তুতি আমরা নিয়েছি। উঁচু এলাকাতে চারা উৎপাদনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামীকাল রোববারই আমরা পরিষ্কার হতে পারব কী পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে এবং কী পরিমাণ চারা প্রয়োজন রয়েছে। হয়তো কৃষকের ঘরে বীজ ধান আর নাও থাকতে পারে, তাই আমরা চারাটি সরবরাহ করার চেষ্টা করব। কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, “যেখানে যে ধরনের কৃষকই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে-সে হতে পারে মৎস্য চাষী, সবজি, ধান, নারিকেল, সুপারি, পান-সবাইকে আমরা কৃষি কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত হয়ে যাচ্ছে।” অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধন শেষে একটি র‌্যালি বের করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে