মেধাবীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, আজ যারা শিক্ষাবৃত্তি পাচ্ছে, তাদের মধ্য থেকেই আগামী দিনের যোগ্য ও মেধাবী নেতৃত্ব গড়ে উঠবে। আজকের মেধাবীরাই ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
শনিবার (১১ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, যে জাতি মেধাবীদের সম্মান করতে পারে না, সে জাতি কখনো সফল হতে পারে না। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহী শিক্ষা, মেধা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য দেশজুড়ে বিশেষ মর্যাদা অর্জন করেছে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, জেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা।অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।