বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসনে পদোন্নতির অংশ হিসেবে সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশাল জেলার মুলাদী উপজেলার ৪ কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপ-সচিব এবং সমপদমর্যাদায় সফলতার সাথে দায়িত্ব পালন শেষে তাঁরা সরকারের উচ্চতর এই পদে আসীন হলেন। উপজেলায় একসঙ্গে ৪জন যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় এলাকায় উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন মসজিদ ও এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই পদোন্নতি কার্যকর করা হয়েছে। আদেশ অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতি পূর্বক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব নজরুল ইসলাম আজাদ ও কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। তাঁদের উভয়ের গ্রামের বাড়ি মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামে।
এছাড়া পদোন্নতি পেয়েছেন জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত এইচ.এম রকিব হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আল শাহীন। এইচ.এম রকিব হায়দারের বাড়ি উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে এবং আব্দুল্লাহ আল শাহীন কাজিরচর ইউনিয়নের কাজিরচর গ্রামের বাসিন্দা। আব্দুল্লাহ আল শাহীন ওই এলাকার আব্দুল মান্নান খানের সন্তান। একই উপজেলার চারজন কর্মকর্তার সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী স্তর ‘যুগ্ম সচিব’ পদে পদোন্নতির খবর এলাকায় পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। ঢাকাস্থ মুলাদী সমিতির সদস্য মো. হাবিবুর রহমান আশা প্রকাশ করে বলেন, এই কর্মকর্তাদের মেধা, সততা ও দেশপ্রেম আগামী দিনে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং দেশের সেবায় বলিষ্ঠ ভূমিকা রাখতে সহায়তা করবে।