কক্সবাজারের রামু-নাইক্ষ্যংছড়ি আঞ্চলিক সড়কের আদর্শগ্রাম এলাকার বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জননিরাপত্তার স্বার্থে আপাতত সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা সাময়িক দুর্ভোগে পড়লেও সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের এ সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার (১১ জুলাই) বিকেলে ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা শনাক্ত হওয়ার পর স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সঙ্গে সঙ্গে ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বেইলি ব্রিজটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব শিগগিরই মেরামত কাজ শুরু হবে এবং ব্রিজটি নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হবে। এদিকে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ, নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তারা ব্রিজের নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণকে সতর্ক করা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, জনসাধারণের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ দ্রুত মেরামত কাজ শুরু করবে। সবাইকে ধৈর্য ধারণ ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে সড়ক ব্যবহারকারী সকলকে বিকল্প সড়ক ব্যবহার এবং ঘটনাস্থলে অপ্রয়োজনীয় ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ব্রিজ মেরামত শেষ না হওয়া পর্যন্ত জনস্বার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।