ডাকাতি হওয়া ট্রাকসহ ৩১ গরু উদ্ধার করেছে পুলিশ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৭:০৯ পিএম
ডাকাতি হওয়া ট্রাকসহ ৩১ গরু উদ্ধার করেছে পুলিশ

ডাকাতের কবল থেকে ট্রাক বোঝাই ৩১ টি গরূ উদ্ধার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ। বিজয়নগর উপজেলার বুধন্তি থেকে ডাকাতি হওয়া গরূর ট্রাকটিকে গত শুক্রবার গভীররাতে পুলিশ ধাওয়া করলে কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে ফেলে পালিয়ে যায় ডাকাতরা। পুলিশ গরূসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।   

পুলিশ ও প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, শুক্রবার গভীররাতে সিলেট থেকে ৩১ টি গরূ বোঝাই একটি ট্রাক নিয়ে ঢাকায় যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ি। রাত প্রায় ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায় সংঘবদ্ধ একদল মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে এসে ওই ট্রাকটি ধাওয়া করে। বিজয়নগরের বুধন্তি এলাকায় এসে ডাকাতরা ট্রাকটিকে আটক করে। তারা দেশীয় অস্ত্রে ভয় দেখিয়ে চালক হেলপারের হাত পা বেঁধে জিম্মি করে ট্রাকটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে যায়। ট্রাকের চালককে কয়েকজন মিলে উল্টো দিকে নিয়ে যায়। গরূ গুলির মালিকদের ট্রাক থেকে নামিয়ে দেয়। ট্রাকটি নিয়ে ডাকাত দল ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দেয়। ডাকাতির পুরো ঘটনাটি সামনের একটি যাত্রীবাহী কোচের চালক দেখছিলেন। কোচের চালক বিষয় মুঠোফোনে সরাইল থানাকে অবহিত করেন। সরাইল থানা পুলিশের একটি দল ওই ট্রাকটিকে ধরতে সরাইল এলাকায় মহাসড়কে অবস্থান নেন। পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা ট্রাকটিকে কুট্রাপাড়া মোড় থেকে ডান দিকে প্রবেশ করে সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের দিকে যেতে থাকে। পুলিশও পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতরা কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় গরূসহ ট্রাকটি ফেলে পালিয়ে যায়। সরাইল থানা পুলিশ ট্রাকটিকে নিজেদের জিম্মায় নিয়ে নেন। ট্রাক ও ৩১টি গরূ বর্তমানে সরাইল থানা পুলিশের হেফাজতে রয়েছে।