দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে। গতকাল ১১ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট এলাকায় জোতরঘুপাড়ায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে থানার একটি অভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন- ঠাকুরের হাট পূজা মন্ডপের সভাপতি মুক্তা রায় (৪৫), মোঃ জীবন ইসলাম (২৪) এবং মোঃ মিশুক রায়হান (২৬)। অভিযানকালে তাদের নিকট থেকে টাপেন্টাডল ট্যাবলেট ও একটি গ্যাস লাইট উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলেই মুক্তা রায় (৪৫) ও মোঃ জীবন ইসলাম (২৪) কে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা করে অর্থদন্ড এবং মোঃ মিশুক রায়হান (২৬) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।