নোয়াখালীর সেনবাগে উaপজেলা প্রাথমিক শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে দুই শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।” শনিবার (১১ জুলাই) বিকেলে সেনবাগ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মাস্টার নূর হোসাইন সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ। এ সময় বক্তব্য দেন প্রধান শিক্ষক রোকেয়া বেগম, সহকারী শিক্ষক আফরোজা বেগম, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন ও সহকারী শিক্ষক শিপা রানীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে তারেক রহমান কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করতে উপস্থিত শিক্ষকদের মাঝে ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।