রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, পদ্মার চরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই এই চরের মানুষ নানাভাবে নির্যাতিত হয়ে আসছে। শনিবার (১১ জুলাই) দুপুরে পদ্মার মধ্যে চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, দেশ স্বাধীন হলেও চরের দুর্গমতাকে কাজে লাগিয়ে কিছু অপরাধী চুরি, ছিনতাই ও হত্যাকান্ডের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়। এখানে যেন কোনো অপরাধীর ঠাঁই না পায়। অপরাধী যে দলের হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। এই পুলিশ ফাঁড়ি স্থাপনের পর চরে কোন অপরাধমূলক কর্মকান্ড যে না হয়।
উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, পুলিশ সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। সামাজিক যেকোনো অপরাধ দমনে পুলিশ বদ্ধপরিকর। এই দুর্গম চরে ৭ মাসের ব্যবধানে ৭টি খুন হয়েছে। এই অপরাধের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতেই পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, চারঘাট-বাঘা সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, চারঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবুল, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মুলা খামারু, সাধারণ সম্পাদক জগলু শিকদার, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএইচ শামীম আহমেদ সরকার প্রমুখ।