কাইমা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে আনিছা আক্তার এনি। সে কাইমা গ্রামের শাহাব উদ্দিনের কন্যা। জানা গেছে, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কাইমা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় ধরে কাইমা, মধুপুর, বেগমপুর, দলুয়া ও আনোয়ারপুর গ্রামের শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে লেখাপড়া করে আসছে। উপজেলা সদরের সঙ্গে বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি থেকে উল্লেখযোগ্য কোনো বৃত্তির সাফল্য আসেনি। অবশেষে প্রায় দেড় যুগ পর বিদ্যালয়টি আবারও বৃত্তির গৌরব অর্জন করল। তাও সাধারণ বৃত্তি নয়, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আনিছা আক্তার এনি। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
কাইমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক বলেন, "আজ আমার জন্য অত্যন্ত আনন্দের দিন। আমাদের বিদ্যালয় থেকে আনিছা আক্তার এনি ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। এটি বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।"