বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত গৌরনদী দুইটি কর্মসূচীতে অংশগ্রহন করবেন। তার এই সফরকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণাঞ্চল বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা থেকে রওয়ানা হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক পথে সকাল সাড়ে দশটায় গৌরনদী পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এখানে তিনি উপজেলার বাটাজোর ইউনিয়নের পূনঃখননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন এবং বাটাজোর অশ্বীনি কুমার ইনষ্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন। পরবর্তীতে তিনি বরিশাল নগরীর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সূত্রে আরো জানা গেছে, প্রধানমন্ত্রীকে গৌরনদীতে বরন করে নিতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের দিকনির্দেশনায় ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রীর গৌরনদী আগমনে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন প্রত্যাশার কথা জানিয়েছেন। বাটাজোর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এমদাদুল হক পান্না জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে দাবী-দাওয়ার সুযোগ পেলে বাটাজোর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরের দাবী জানাবো।
গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু জানিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা অনেক। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন প্রত্যাশা হলো ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু মহাসড়ককে ছয় লেন এবং গৌরনদীকে জেলায় রুপান্তর করা। সুযোগ পেলে প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দুইটি দাবী তুলে ধরবো। গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। এখন শুধু প্রধানমন্ত্রীকে বরন করে নেওয়ার অপেক্ষা। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর গৌরনদী সফর শান্তিপূর্ন করতে সবধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পাশাপাশি গৌরনদীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
দুই হাজার গেঞ্জি বিতরণ : প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরকে ঘিরে উৎসবের আমেজকে আরও আনন্দদায়ক করতে গৌরনদীর বিভিন্নস্থানে ব্যাপক গণসংযোগ ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এবং গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা, ইল্লা, বার্থী, টরকী, গৌরনদী সদর, মাহিলাড়া ও বাটাজোর বাসস্ট্যান্ডে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে দুই হাজার গেঞ্জি বিতরণ করেছেন। যাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সংবলিত লোগো বসানো রয়েছে। আলহাজ্ব আবুল হোসেন মিয়া বলেন, আজ সোমবার আমাদের প্রাণপ্রিয় নেতা, জনগণের আস্থার প্রতীক তারেক রহমান গৌরনদী ও বরিশাল সফরে আসছেন। এই ঐতিহাসিক মুহুর্তকে স্বরণিয় করে রাখতে আমি দুই হাজার টি-শার্ট বিতরণ করেছি। এটি শুধু পোশাক নয়, তারেক রহমানের প্রতি আমাদের ভালোবাসা ও প্রতিশ্রুতির স্মারক।