সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে রাত্রিকালীন টহল দেওয়ার সময় ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ তলুইগাছা সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভোররাতে তলুইগাছা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত মেইন পিলারের ১৩ নম্বর সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কিছু মানুষের নড়াচড়া ও কথাবার্তার শব্দ পায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে শব্দের উৎসের দিকে এগিয়ে যান। একপর্যায়ে শূন্যরেখা (জিরো লাইন) থেকে বাংলাদেশের প্রায় ৫০ গজ ভেতরে ‘চারাবাড়ি’ নামক স্থানে দুজনকে অবস্থান করতে দেখা যায়।
টহল দলের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত স্থান পরিবর্তনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাঁদের থামার নির্দেশ দিলেও তা অমান্য করে তাঁরা ভারতের দিকে পালানোর চেষ্টা চালান। টহল দল তাঁদের ধাওয়া করে এবং একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে।
বিজিবির দাবি, এই অনমনীয় ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে চোরাকারবারিদের চোরাচালানের চেষ্টা ব্যর্থ হয়। তারা আতঙ্কিত হয়ে সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের মধ্য দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেননি। তবে গুলিবর্ষণের এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে বিজিবি। আজ রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে।