রাজধানী ঢাকায় বৃষ্টির ভোগান্তি সোমবার (১৩ জুলাই) দিনভরও অব্যাহত থাকতে পারে। সকাল থেকেই মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টিতে ভিজছে নগরী। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলক কম। একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া গণমাধ্যমকে বলেন, “রাজধানী ও আশপাশে সারা দিন বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এমন নয় যে একটানা হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম।” তিনি আরও জানান, দিনের পুরোটা সময় আকাশ মেঘলা থাকতে পারে।
রোববার (১২ জুলাই) দুপুরে দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে ঢাকা বিভাগসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছিল। ওই দিন দেশের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় ঢাকা বিভাগে, যা গত ১৭ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৯ সালে একদিনে সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। তবে রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হলেও সকাল ৭টার পর আবার বৃষ্টির তীব্রতা বাড়ে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টিপাত বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। তার ভাষায়, “বর্ষা মৌসুমে এমন বৃষ্টিপাত স্বাভাবিক হলেও বর্তমানে এর তীব্রতা তুলনামূলক বেশি।”
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ১৫ ও ১৬ জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
টানা প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে দেশের অন্তত সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বর্তমানে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
এদিকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।