সৈয়দপুরে উচ্চ রক্তচাপের উপসর্গের প্রবণতা বাড়ছে

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৩:০৬ পিএম
সৈয়দপুরে উচ্চ রক্তচাপের উপসর্গের প্রবণতা বাড়ছে

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে উচ্চ রক্তচাপের প্রবণতা বাড়ছে। প্রতিদিন উচ্চ রক্তচাপ নিয়ে অনেক রোগি হাসপাতালে আসছেন। তবে ১৫ থেকে ২০ বছর বয়সী কিশোর-তরুণদের মধ্যে হঠাৎ দেখা দিয়েছে নিম্ন রক্তচাপ। ফলে মাথা ঘোরা,দুর্বলতা,হঠাৎ চোখে অন্ধকার দেখা, অতিরিক্ত ক্লান্তি ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। ওইসব উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রবণতাও বাড়ছে। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এক চিকিৎসক জানান,এসব উপসর্গের কারণ হিসেবে অনেক ক্ষেত্রে নিম্ন রক্তচাপ (লো প্রেসার) শনাক্ত হচ্ছে। 

চিকিৎসকদের মতে,অনিয়মিত খাদ্যাভ্যাস,দীর্ঘ সময় না খেয়ে থাকা,পর্যাপ্ত পানি পান না করা, অতিরিক্ত গরমে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যাওয়া, পর্যাপ্ত ঘুমের অভাব এবং অতিরিক্ত মানসিক চাপ এ সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে গরমের সময় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যস্ততার কারণে অনেক তরুণ-তরুণী সকালের নাশতা না করেই বের হওয়ায় এ ধরনের সমস্যা দেখা দেয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, নিম্ন রক্তচাপ সব সময় গুরুতর রোগ নয়। তবে বারবার এমন উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। নিজের ইচ্ছামতো ওষুধ সেবন না করে সঠিক কারণ নির্ণয় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী,নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত গরমে সতর্ক থাকা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং প্রয়োজন হলে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত। উপসর্গ তীব্র হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের কথা বলেন তারা। সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালের আরএমও ডাঃ নাজমুল হুদা বলেন,বাংলাদেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ (হাই প্রেসার) নিয়ে উদ্বেগ বেশি দেখা গেলেও, মাথা ঘোরা বা দুর্বলতার মতো উপসর্গকে অবহেলা না করে প্রয়োজন অনুযায়ী রক্তচাপ পরীক্ষা করা জরুরি।

আপনার জেলার সংবাদ পড়তে