কয়েকদিনের টানা বৃষ্টিতে পাবনার চাটমোহরে কাঁচামরিচসহ শাক সবজির দাম বেড়েছে। বাজারে কমেছে সরবরাহ। হাট-বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। গত সপ্তাহে চাটমোহরের হাট-বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। এরআগে বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি। গতকাল সোমবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা টাকা দরে।
সবজি বিক্রেতারা জানান,টানা বৃষ্টিতে নিচু এলাকার জমিতে পানি জমায় বাজারে কাঁচা মরিচের সরবরাহে সংকট দেখা দেয়। প্রতিদিন কাঁচামরিচের দাম বাড়ছে। এদিকে কাঁচা মরিচের পাশাপাশি বেড়েছে সবজির দাম। ৪০ টাকার কুড়িকচু এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৪০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। শসার কেজি বেড়ে ৮০ টাকা হয়েছে। স্বাভাবিক রয়েছে আলু,পেঁয়াজ,পটল,ঝিঙে,করলা, ঢ্যাঁড়শের দাম। প্রতি কেজি আলু ২৫, পেঁয়াজ ৩৫,পটল ৩০,ঝিঙে ৩০,করলা ৪০,ঢ্যাঁড়শ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও মুরগীর দামও উর্ধ্বমুখি। চাটমোহরের সবািজ বিক্রেতা রব্বেল আলী বলেন,চলমান বন্যা ও বৃষ্টির কারণে দেশের দক্ষিনাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। সেজন্য উত্তরাঞ্চলের উৎপাদিত কাঁচামরিচ ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বেশি সরবরাহ হচ্ছে। ফলে কাঁচা মরিচের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়লে দামও বেড়ে যায়। তাই এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ আমরা ৪০-৬০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন তা বিক্রি করতে হচ্ছে ১০০-১২০ টাকা কেজি দরে।