পাবনায় ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৪:৩৩ পিএম
পাবনায় ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু

ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় আহাম্মদ আলি (১৭) নামের এক হকার ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলী চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর ছেলে। সে ট্রেনে ঘুরে পপকর্ন বিক্রি করতো।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,অভাব-অনটনের সংসারে পড়াশোনা করার তেমন সুযোগ হয়নি আহাম্মদ আলীর। তাই সংসারের বোঝা মাথায় নিয়ে বৃদ্ধ বাবা-মায়ের মুখে দুমুঠো আহার তুলে দিতে সে হকারি পেশা বেছে নেয়। সে বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করত। সোমবার ভোরে চাটমোহর স্টেশন থেকে ট্রেনযোগে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে যায় সে। সেখান থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠার মুহূর্তে পা পিছলে পড়ে ট্রেনের চাকায় দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলের শোকে বাবা-মায়ের এখন পাগলপ্রায় অবস্থা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে