দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা ব্যয় বহনে সহায়তা দিতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০০ জন রোগীর মাঝে ৫০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (১৩ জুলাই) সকালে রংপুর গ্রুপ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মো. মিরাজুল মুহসিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও রংপুর গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, সরকার সমাজের অসচ্ছল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ধারাবাহিকভাবে সম্প্রসারণ করছে। চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে যেন কোনো রোগী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি সরকারি অনুদান যথাযথভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন এবং মানবিক এ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান সরকার বলেন, শুধু উন্নত চিকিৎসাসেবা প্রদানই নয়, আর্থিকভাবে অসচ্ছল রোগীদের পাশে দাঁড়ানোও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামাজিক দায়বদ্ধতার অংশ। সরকারি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চিকিৎসা সহায়তার অনুদান পেয়ে সুবিধাভোগী রোগী ও তাদের স্বজনরা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এই সহায়তা ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অনেক পরিবারের আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব করবে।
উল্লেখ্য, উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে।