ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায়। তিনি দেশে ফিরতে চাইলে সরকার তাকে স্বাগত জানাবে এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনার এই দেশে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। শুধু আমি না, যারা আওয়ামী লীগের প্রতিও সিম্পেথাইজার তারাও মনে করে না উনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে।”
তিনি আরও বলেন, “উনি যদি আসতে চান, আসুক। আমরা তো উনাকে নিয়ে আসতে চাইছি। শুধু অন্তর্বর্তী সরকার না, এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে।”
সরকারের অবস্থান ব্যাখ্যা করে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। সরকারের লক্ষ্য কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করা।
তার ভাষায়, “আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। তিনি আসলে আদালত বিচার করবে। আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও সুযোগ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীও তিনি আনতে পারেন। বিচার প্রক্রিয়ায় পর্যবেক্ষক রাখা যাবে, ভিডিও ধারণের ব্যবস্থাও রয়েছে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রক্রিয়া চলবে।”
তিনি বলেন, আদালতই শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেবেন। শেখ হাসিনা যদি আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, অথবা আদালত অন্য কোনো রায় দেন, সরকার সেটিও মেনে নেবে। “ন্যায়বিচার এভাবেই নিশ্চিত করতে হয়,” বলেন তিনি।
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, সেটিও সরকারের সিদ্ধান্ত নয় বলে স্পষ্ট করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা। সরকার কেবল আদালতের আদেশ বাস্তবায়ন করছে। কেউ এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করলে আদালতে গিয়ে তা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় এবং যথাযথ মর্যাদায় জুলাই পালন করা হবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির হিস্যা আছে।”