দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলন আরও জোরদার করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তারা বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আলটিমেটামও দিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে এলাকা ত্যাগ করেন। তবে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলন অব্যাহত ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশও অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়। একই এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।
এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হলে ভিসি চত্বর এলাকায় পুলিশ বাধা দেয়। এরপর আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগও তাদের অন্যতম দাবি।
এদিকে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকদের তিনি বলেন, “এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দেব না, সংসদে প্রশ্নোত্তরে জবাব দেব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই, তারপর ইন্টারভিউ দেব।”
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ না এলে বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।