সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ০৭:৪৭ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৭:৩৭ পিএম
সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের পর জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে দেওয়া ব্যারিকেডও অপসারণ করে পুলিশ।

এর আগে সকাল থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও ঢাকা শিক্ষা বোর্ডের সামনে দফায় দফায় কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে দ্বিতীয় দফায় সায়েন্সল্যাব মোড় অবরোধের পর তারা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন। বিভিন্ন স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে অবস্থান নেন। এতে মানিক মিয়া অ্যাভিনিউর দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ১৩ জুলাই প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষা পুনরায় আয়োজন এবং ১৫ জুলাইয়ের নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউর সড়কে অবস্থান নিয়েছে। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে পুলিশের বাড়তি ফোর্স রয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে অনুরোধ করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে লাঠিচার্জ শুরু হয়। পুলিশ সদস্যদের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান। কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, দিনভর আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি। তাদের দাবি, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ত্রুটি এবং পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ থেকেই তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, এইচএসসি পরীক্ষা, প্রশ্নপত্রের ত্রুটি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে