নীলফামারীর সৈয়দপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই ওই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, অনলাইন জুয়া, মেলার নামে অবৈধ লটারি, বখাটেদের উৎপাত, যানজট, বিকট শব্দে মোটরসাইকেল চালানো এবং চুরি প্রতিরোধে সামাজিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার,বিএনপির অন্যতম নেতা শওকত হায়াত শাহ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,পুলিশ প্রশাসনের প্রতিনিধি, ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার তরুণ সমাজকে বিপথগামী করছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে মেলার নামে অবৈধ লটারির আয়োজন জনস্বার্থবিরোধী কার্যক্রমে পরিণত হয়েছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়া শহরে যানজট নিরসন, বেপরোয়া ও বিকট শব্দে মোটরসাইকেল চালানো বন্ধ, বখাটেদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং চুরি-ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কোনো ধরনের অপরাধ বা অনিয়মের সঙ্গে আপস করবে না। মাদক, অনলাইন জুয়া, অবৈধ লটারি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণকে অপরাধ দমনে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সৈয়দপুরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।