ডোপ টেস্টে সুজানগর থানা পুলিশের হাতে আটক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুর (৪৫) শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ঘটনায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, গত রোববার সন্ধ্যা রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং সুজানগর পৌরসভার চরমানিকদীর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সাত্তার মাস্টারের ছেলে উক্ত বাবুকে মাদকসেবনের অভিযোগে উপজেলা মোড় থেকে আটক করা হয়। এ ঘটনার পর পর বাবুর অনুসারী ও এলাকার সাধারণ লোকজন তাকে নিরপরাধ দাবি করে থানা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে মুক্তির দাবি জানায়। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) বিক্ষোভকারীদের নিবৃত করেন। পরে তার ডোপ টেস্ট তথা নিরাপত্তার স্বার্থে ওই রাতেই পাবনা আদালতে পাঠানো হয়। পরেরদিন সোমবার পাবনা পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট করা হলে তার শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি শনাক্ত হয়। ফলে পুলিশ তাকে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মোছাঃ তাবাসসুম আক্তার যুবদল নেতা বাবুকে ওই দণ্ড দেন।