১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৪:৪৮ পিএম
১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ

ঐতিহ্য, সংগ্রাম আর দায়বদ্ধতার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করলো দেশব্যাপী বিস্তৃত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। এই শুভক্ষণে সংগঠনের পক্ষ থেকে দেশবাসী, সকল সদস্য, ১৪ দফার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সংগ্রামী সালাম, গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সদস্যদের উদ্দেশ্যে বলেন-আপনার প্রিয় সংগঠন আজ ১৫ জুলাই ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে। এ শুভক্ষণে তিনি সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের 'পেশার প্রতি দায়িত্বশীল' হওয়ার আহবান জানিয়েছেন। তবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দূর্যোগের কারণে এ বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে পূর্বের বছরের ন্যায় ব্যাপক পরিসরে কোন আয়োজন করা হয়নি জানিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর আরও বলেছেন, ঐতিহ্য-সংগ্রামের এই কয়েকটি বছর আপনাদের আন্তরিকতা, সাহসিকতায় বিএমএসএফ আজ তৃণমূলের সাংবাদিকদের কাছে এক আস্থার প্রতীক হয়ে আছে এবং থাকবে।

তিনি বলেন-আমরা আশা এবং বিশ্বাস করতে চাই, আপনাদের চিন্তা-চেতনা, কর্ম-পরিকল্পনায় বিএমএসএফ আগামীতে আরও দায়িত্বশীল ভুমিকা পালনের মধ্যদিয়ে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন সফল করতে একধাঁপ এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। ইতোমধ্যে সাংবাদিকদের ১৪ দফা দাবির মূখ্য দাবি সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের প্রক্রিয়া সমর্থন করে কাজ শুরু করতে যাচ্ছে এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ অধিক গুরুত্বপূর্ণ দাবিগুলোও বাস্তবায়ন হবে। সবশেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সূদুরপ্রসারী চিন্তা, গবেষণার সাথে থাকার জন্য আহমেদ আবু জাফর সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।