কলারোয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৬:৫৮ পিএম
কলারোয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

সাতক্ষীরার কলারোয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মো. সাঈদ হোসেন (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. আলাউদ্দীন মোড়ল বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে কলারোয়া থানার ধানঘরা গ্রামে বাদী আলাউদ্দীন মোড়লের বসতবাড়ির সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে অভিযুক্তরা হলেন- মো. আব্দুস সামাদ মোড়ল (৪৭) ও মো. আইয়ুব আলী ঢালী (৫৮) এবং অজ্ঞাত আরও ২-৩ জন। তারা সকলেই ধানঘরা গ্রামের বাসিন্দা।

বাদী অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত আব্দুস সামাদ মোড়ল একজন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ভুক্তভোগী সাঈদ হোসেনের ওপর আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন অভিযুক্তরা। ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো দা, লোহার রড ও শাবল নিয়ে সাঈদ হোসেনের পথরোধ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। সাঈদ প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে আব্দুস সামাদ মোড়লের নির্দেশে ধারালো দা দিয়ে সাঈদের মাথায় কোপ দেওয়া হয়। সাঈদ হাত দিয়ে তা আটকানোর চেষ্টা করলে তার বাম হাতের মধ্যমা আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় অন্য অভিযুক্তরা তাকে রড ও লাঠি দিয়ে মাথা, ঘাড় ও বুকে গুরুতর আঘাত করেন। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। গুরুতর আহত অবস্থায় সাঈদ হোসেনকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে