গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৬, ০৫:১০ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৫:১০ পিএম
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২

মেহেরপুরের গাংনীতে সেচ পাম্পের (বোরিং) মোটরের ঘরে সিসি ক্যামেরা স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নুরাল হোসেন (৪৩) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধর্মচাকী গ্রামের বোরিং এর মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নুরাল হোসেন ধর্মচাকি পশ্চিম পাড়া গ্রামের আজিজুল হক এর ছেলে। এ ঘটনায় সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও সাহারুল নামের আরো দুইজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক নুরাল হোসেন মাঠে নিজের গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ওই মাঠের একটি সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম তাঁর মোটরের ঘরে সিসি ক্যামেরা লাগানোর কাজ করছিলেন। একা কাজটি করতে অসুবিধা হওয়ায় তিনি মাঠের কাজে থাকা নুরাল হোসেন ও পাশে থাকা অন্য চাষী সাহারুল ইসলামকে সাহায্যের জন্য ডেকে নেন। সিসি ক্যামেরা লাগানোর একপর্যায়ে অসাবধানতাবশত তাঁরা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নুরাল হোসেনের মৃত্যু হয় এবং সাইফুল ও সাহারুল গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও কৃষক সাহারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান,বিদ্যুৎ স্পৃষ্টে নুরাল নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে