ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের আঘাত: মৃত ৫ হাজার ছুঁইছুঁই, নিখোঁজ ৫০ হাজার

এফএনএস অনলাইন ডেস্ক:
| আপডেট: ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৫ এএম | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৫ এএম
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের আঘাত: মৃত ৫ হাজার ছুঁইছুঁই, নিখোঁজ ৫০ হাজার
ছবি, সংগৃহীত

গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। তবে জাতিসংঘের আশঙ্কা, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। ভূমিকম্পে হাজারো মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ সর্বশেষ মৃত্যুর এ সংখ্যা নিশ্চিত করেছেন বলে সংবাদমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছেন। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজার ১২০ জন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

ভূমিকম্পের পর থেকেই উদ্ধার অভিযান চলছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ছিল ধীরগতির। তবে জানা গেছে, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো প্রাথমিক অভিযান শেষ করে ফিরে গেলেও বর্তমানে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভেনেজুয়েলায় দুর্যোগ মোকাবিলা ও পুনর্গঠন কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে। সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের সহপরিচালক ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মার্ক ওয়েইসব্রট বলেন, ভেনেজুয়ার এমন গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ রয়েছে, যেগুলো ব্যবহারের সুযোগ দেশটি পাচ্ছে না।

তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ভেনেজুয়েলার প্রায় ১১ বিলিয়ন ডলারের সম্পদ আটকে রেখেছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশটির পাওয়ার কথা। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১৪ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হোয়াইট হাউসের কাছে পাঠানো এক চিঠিতে ভেনেজুয়েলার পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে তারা উল্লেখ করেন, বর্তমান নিষেধাজ্ঞা জরুরি ত্রাণ কার্যক্রম এবং পুনর্গঠন প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৩৭ বিলিয়ন ডলার।

আপনার জেলার সংবাদ পড়তে