প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এবং আধুনিক ও স্মার্ট কৃষির অংশ হিসেবে পাবনার চাটমোহরে ‘কৃষক স্মার্ট কার্ড’ পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২ আগস্ট পর্যন্ত। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,প্রাথমিকভাবে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা ব্লকে (ইউনিয়নের ৪ ৫ ও ৬ নং ওয়ার্ড) কৃষকদের নিয়ে ডিজিটাল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহ ও প্রদানকালে কৃষককে সশরীরে উপস্থিত থাকতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা সঠিকভাবে তথ্য সংগ্রহ করবেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান,সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকের বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি সঠিক তথ্য দিয়ে সরকারের এই যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।