জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

এফএনএস (প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৬:৪৫ পিএম
জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

আজ শনিবার  বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আজকে বরিশালে জড়ো হয়েছি। সর্বশেষ আমাদের ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর প্রত্যেক জেলা ও উপজেলায় আমাদের কর্মসূচি চলবে। এর মধ্যে সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন এবং গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব।

তিনি বলেন, আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দিইনি। হরতাল-অবরোধের মতো কর্মসূচিও দেওয়া হয়নি। তবে যেকোনো সময় সে ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোটে সংস্কারের পক্ষে জনগণের রায় পাওয়ার পরও সরকার জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, মুখে বলা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, জনগণ সরকারকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় যে, জনগণের সঙ্গে ছলনা বা প্রতারণা করা যাবে। জুলাই সনদ বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দাবিতে বরিশালে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে