ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৪:০২ পিএম
উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা
ফাইল ছবি

টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর ও উত্তর, পূর্বাঞ্চলের নদ, নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (১৯ জুলাই) প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি স্টেশনে পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিনে রংপুর ও সিলেট বিভাগে, পাশাপাশি ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পাউবো জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে পানি বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে, অথবা বর্তমানে যে বন্যা পরিস্থিতি রয়েছে তা স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বেড়েছে। আগামী পাঁচ দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববারের পূর্বাভাস অনুযায়ী ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকায় ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তর, পূর্বাঞ্চলের নদীগুলোর অবস্থাও নজরদারিতে রাখা হচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, সারিগোয়াইন, যাদুকাটা ও কংস নদীর পানি স্থিতিশীল থাকলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোণার সোমেশ্বরী নদীর কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে আশপাশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া উত্তরাঞ্চলের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, দেশের বিভিন্ন নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সতর্ক থাকতে বলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে