নীলফামারীর সৈয়দপুর ফেয়ার পার্কে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় র্যাফেল ড্র, লটারি, জুয়া ও কথিত অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে 'সচেতন জনতা সৈয়দপুর' নামে একটি সংগঠন। রবিবার শহরের রংপুর রোড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সংগঠনটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পাঁচমাথা মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মো. নুরুল হুদা, সভাপতি মুফতি গোলাম রব্বানী, মাওলানা আব্দুল আজিম, মুফতি ইমরান, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দপুর জিয়া সাইবার ফোর্সের সভাপতি ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট গোলাম রব্বানী, সাংবাদিক শাহাবাজ উদ্দিন সবুজ এবং নয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিল্লুর রহমান। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপন এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও মেলায় লটারি ও বিতর্কিত কার্যক্রম বন্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তাদের দাবি, একটি গ্রামীণ ও কুটির শিল্প মেলার মূল আকর্ষণ হওয়া উচিত স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের পণ্য। এছাড়া উচ্চ শব্দে মাইকিং, গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান, যানজট এবং পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার অভিযোগও তুলে ধরেন তারা। লটারি নামক জুয়া বন্ধ ও এসব বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।