কাহারোলে আমান চাষীরা ধান লাগাতে ব্যস্ত সময় পার করছেন

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০২:০৭ পিএম
কাহারোলে আমান চাষীরা ধান লাগাতে ব্যস্ত সময় পার করছেন

দিনাজপুরের কাহারোল উপজেলার শ্রাবণের প্রথম সপ্তাহে কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় আমন চাষে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকেরা আমন ধানের চারা রোপনে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে দেখা যাচ্ছে একদিকে হাল চাষ করছে অন্যদিকে কৃষকেরা শ্রমিক নিয়ে কেউবা বীজতলা থেকে চারা সংগ্রহ করছেন, আবার কেউ জমিতে চারাগুলি সারিবদ্ধভাবে লাগাচ্ছেন। উপজেলার বুলিয়াবাজারের কৃষক রাসেল জানান, কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় আমন ধান লাগাতে কোন সমস্যা হচ্ছে না। তিনি এবার একান্ন জাতের ৬ বিঘা ধান চাষ করবেন বলে জানান। একই এলাকার কৃষক হরিপদ বলেন, বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় আমন চাষ করতে কোন সমস্যা হচ্ছে না। তিনি এবার ৪ বিঘা জমিতে গুটি স্বর্ণ, একান্ন ও সুমন স্বর্ণের চাষ করছেন। উপজেলার বলেয়া গ্রামের কৃষক খর্গ কুমার রায় বলেন, কাঙ্ক্ষিত বৃষ্টি ও পর্যাপ্ত পরিমানের সার পাওয়ায় কৃষকদের আমন ধান চাষে উৎসাহিত হচ্ছে কৃষক। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৭ শত ৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যেই কৃষকেরা ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আমন ধান সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষক ও কৃষি শ্রমিক।  কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ জাহিদুর রহমান বলেন, উপজেলার কৃষকদের আমন চাষে উৎসাহিত করা হচ্ছে কৃষি বিভাগের পক্ষ হতে। কৃষকদের বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হচ্ছে আমন চাষের জন্য। যাতে করে কৃষকেরা আমন ধান সুন্দরভাবে ও সঠিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারে। মাঠ পর্যায়ে উপজেলার প্রতিটি এলাকায় নিজ নিজ ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সকল প্রকার পরামর্শ ও সহযোগিতা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে