মোল্লাহাটে কিশোরী বন্ধুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৩:৩৩ পিএম
মোল্লাহাটে কিশোরী বন্ধুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোল্লাহাটে ১৬ বছর বয়সী কিশোরী বধু লতিফার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা শের আলী শেখ। সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শের আলী শেখের ভাগ্নের স্ত্রী। শের আলী শেখ জানান, তিনি পড়তে না পারায় তার পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করা হয়।

লিখিত বক্তব্যে শের আলী শেখ অভিযোগ করেন, প্রায় চার মাস আগে একই উপজেলার টাকিয়ারকুল গ্রামের মিজান মোল্লার ছেলে রানা মোল্লা তার মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করেন। অভিযুক্ত পরিবার প্রভাবশালী হওয়ায় বিষয়টি তারা মেনে নিতে বাধ্য হন। তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর ব্যবসায়িক প্রয়োজনে রানা মোল্লা তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা ধার নিলেও তা আর ফেরত দেননি।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিয়ের পর থেকেই লতিফার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলতে থাকে। স্বামী, শাশুড়িসহ পরিবারের সদস্যরা, বিশেষ করে রানার দুই বিবাহিত বোন তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, এর আগেও রানা মোল্লা একাধিক বিয়ে করেছিলেন এবং তার আগের স্ত্রীরা নির্যাতনের কারণে সংসার ছাড়তে বা বিচ্ছেদে যেতে বাধ্য হন। 

শের আলী শেখ বলেন, গত ২০ জুন তারা খবর পান যে তার মেয়ে মারা গেছে। তার দাবি, লতিফাকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে ঘরের মধ্যে লাশ ঝুলিয়ে রাখা হয়। পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে তারা জানতে পেরেছেন। সংবাদ সম্মেলনে শের আলী শেখ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে