মহাদেবপুরে

অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত দুঃস্থদের চাল বিতরণ করলেন এমপি বাবুল

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৩:৩৫ পিএম
অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত দুঃস্থদের চাল বিতরণ করলেন এমপি বাবুল

নওগাঁর মহাদেবপুরে সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় এ উপলক্ষে উপজেলার খাজুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এতে সভাপতিত্ব করেন। এমপির প্রতিনিধি ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান প্রভাষক খায়রুল ইসলাম প্রমুখ।

জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, এলাকার অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০ জন দুঃস্থের মধ্যে জিআর প্রকল্পের আওতায় ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত উপজেলার সদর, এনায়েতপুর, খাজুর, চাঁন্দাশ, সফাপুর, রাইগাঁ ও চেরাগপুর ইউনিয়নের মোট ৩৩৪ দুঃস্থ পরিবারের মধ্যে ১৫ কেজি করে মোট পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, “গত ১৭ বছর গরীবের কোন কাজ হয়নি। বরং বড়লোক আরো বড়লোক হয়েছে। বিএনপি আমলে বেগম খালেদা জিয়া যা যা দিয়েছেন, বর্তমান সরকারও তাই তাই দিবে। বেগম খালেদা জিয়ার ছেলেই এখন প্রধানমন্ত্রী। কাজেই এখন আর আপনাদের সমস্যা হবেনা ইনশ্আল্লাহ। সরকারের পাঁচ পয়সাও আমার কোন নেতাকর্মী খাবেনা, আমিও খাবোনা। কেউ খেলে আমাকে সরাসরি ফোন দিবেন, ব্যবস্থা হবে। কারণ আমরা মানুষের কাজ করতে আসছি, মানুষের গালি শুনতে আসিনি।” তিনি এলাকার রাস্তাঘাট ও অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। এসময় অন্যদের মধ্যে মহাদেবপুরে এমপির রাজনৈতিক সচিব ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বিশ্বাস বাদল, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন ও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে