ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলে গ্রেপ্তার

বদলগাছীতে মারপিটে আহত বৃদ্ধের মৃত্যু

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৫:৩৯ পিএম
বদলগাছীতে মারপিটে আহত বৃদ্ধের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মীর ইসমাইল হোসেন (৮৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ইয়াছিন আলী মীরের ছেলে। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নওগাঁ সদর হাসপাতাল থেকে রাজশাহী নেয়ার পথে নওগাঁ শহরের রুবির মোড় এলাকায় তার মৃত্যু হয়। 

নিহতের পারিবারিক সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে দুই ভাই মীর ইসমাইল হোসেন ও মীর মোশাররফ হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। এই অবস্থায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমি ফাইনাল খেলা উপলক্ষে গত ১৬ জুলাই সকালে ওইগ্রামে পিকনিকের আয়োজন করা হয়। পিকনিকের খাবার জন্য বড় ভাই মীর ইসমাইল হোসেন বিরোধীয় জমিতে রোপণ করা কলাগাছের পাতা কাটতে গেলে ছোট ভাইয়ের সাথে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লাঠি নিয়ে মারামারির সূত্রপাত ঘটে। এতে মীর ইসমাইল হোসেন, তার ছেলে সোহরাব হোসেন ও তার স্ত্রী মোমেনা বেগম মারাত্মক আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে মীর ইসমাইল হোসেনের অবস্থার অবনতি ঘটলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোরে তার অবস্থার আরো অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ছোট ভাই মীর মোশাররফ হোসেনের স্ত্রী বেদেনা বেগম ও ছেলে মীর বাঁধনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে