কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা পরিষদ গোল্ডকাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট। জেলা পরিষদ, কুষ্টিয়ার আয়োজন ও বাস্তবায়নে ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকেলে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। এসময় তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ছবল ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে শারীরিক চর্চা এবং মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। কুষ্টিয়ার ফুটবল ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এ ধরণের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। জেলা পরিষদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের উদ্বোধক কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কুষ্টিয়া সদর-০৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
জেলা পরিষদ সবসময় জেলাজুড়ে জনকল্যাণমুখী কাজের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে কাজ করে যাচ্ছে। কুষ্টিয়া থেকে জাতীয় পর্যায়ের মানসম্মত ফুটবলার তৈরি করাই আমাদের লক্ষ্য। এই গোল্ডকাপ টুর্নামেন্ট স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে একটি অনন্য মঞ্চ হিসেবে কাজ করবে। শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে সব দলকে খেলার আহ্বান জানাচ্ছি।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিকী বলেন, একটি সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দর্শকদের জন্য সুন্দর পরিবেশে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আশা করি কুষ্টিয়াবাসী এই টুর্নামেন্টটি পুরোটা সময় জুড়ে দারুণভাবে উপভোগ করবেন।
উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন। এরপর উপস্থিত হাজারো ফুটবলপ্রেমী দর্শকের করতালির মাধ্যমে শুভ সূচনা ঘটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের। এসময় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টে মিরপুর বনাম দৌলতপুরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ খেলায় দৌলতপুর উপজেলা মিরপুর উপজেলাকে ২-১গোলে পরাজিত করে জয়লাভ করে। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে।