কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকেলে কলাতালী পয়েন্টে এই দূর্ঘটনায় অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মীদের ইনচার্জ মাহাবুুবুর রহমান জানান, শুক্রবার বিকেলে কক্সবাজারের কলাতলী পয়েন্টে সমুদ্রে গোসলে নামেন মেহেরপুরের হাসপাতাল সড়ক এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিন ও তার ছেলে। এ সময় ঢেউয়ের তোড়ে বাবা ও ছেলে দুজনেই ডুবে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে উপস্থিত লোকজনের সহায়তায় ছেলেকে দ্রুত জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে সাগরের স্রোতে ভেসে যান বাবা হেলাল উদ্দিন।
ঘটনার পর পরই জেলা প্রশাসন এবং বীচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত বীচকর্মীদের যৌথ সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় কক্সবাজার জেলা প্রশাসন।