শ্রীমঙ্গল উপজেলায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এক বছরে এক লাখ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং অর্থনৈতিক সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী এক বছরের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস, সড়কের পাশ, খাসজমি এবং অন্যান্য উপযুক্ত স্থানে পর্যায়ক্রমে এক লাখ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে শ্রীমঙ্গলকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপজেলায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।