সাংবাদিকদের উপর হামলা মামলায় বিটিএমএ’র তীব্র নিন্দা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৭:৪৭ পিএম
সাংবাদিকদের উপর হামলা মামলায় বিটিএমএ’র তীব্র নিন্দা

পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা এবং বরিশালের আগৈলঝাড়ায় দুই সাংবাদিককে আসামি করে পুলিশের মিথ্যা মামলা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। 

শনিবার (২৫ জুলাই) এক প্রেসবিজ্ঞপ্তিতে বিটিএমএর সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ সংগঠনের সদস্যরা এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সৈকত হোটেলের সামনে দৈনিক দেশ রূপান্তরের স্থানীয় প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে বেদম মারধোর করে। এতে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৩ জনের নামোল্লেখ করে দায়ের করা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে দুই সাংবাদিককে আসামি করা হয়েছে।  তারা হলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ. এম নাজমুল রিপন এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি সাইফুল ইসলাম। মামলা থেকে দুই সাংবাদিককে অব্যাহতি দেয়ার জন্য নেতৃবৃন্দরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে