ভাটারায় গ্যাস বিস্ফোরণ, স্বামী ও ভাগনির পর মারা গেলেন স্ত্রীও

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ১২:২২ পিএম
ভাটারায় গ্যাস বিস্ফোরণ, স্বামী ও ভাগনির পর মারা গেলেন স্ত্রীও

রাজধানীর ভাটারায় গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে একটি বাড়িতে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী ও ভাগনির পর মারা গেলেন ফাহিমা আক্তারও (২১)। এর আগে এ ঘটনায় তার স্বামী শাহীন (২৪) ও ভাগনি হাফছা (৪) মারা যান। এ নিয়ে দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো।

শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাহিমা। 

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভাটারায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ ফাহিমা শনিবার রাত ১১টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।

ডা. শাওন বিন রহমান বলেন, এর আগে ফাহিমার স্বামী শাহীন ও ভাগনি হাফছাও আইসিইউতে মারা যান। শাহীনের শরীরের ৫০ শতাংশ এবং হাফছার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে ভাটারার নতুনবাজার ১০০ ফিট এলাকার একটি বাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের এক ভাগনি দগ্ধ হন। পরে দগ্ধ তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে