সীতাকুণ্ডে জনগণের রায়ই শেষ পর্যন্ত বিজয়ী হয়: আসলাম চৌধুরী

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৯:০২ পিএম
সীতাকুণ্ডে জনগণের রায়ই শেষ পর্যন্ত বিজয়ী হয়: আসলাম চৌধুরী

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী বলেছেন, সীতাকুণ্ডের জনগণ সব সময়ই জয়ী হয়। তারা ভোট দিয়ে যাকে নির্বাচিত করেন, জনগণের সেই রায়ই শেষ পর্যন্ত বিজয়ী হয়। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের রাজনৈতিক প্রেক্ষাপট, জনসম্পৃক্ততা এবং এলাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আসলাম চৌধুরী বলেন, জনগণের আস্থা, ভালোবাসা ও মতামতই রাজনীতির মূল শক্তি। জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হওয়া উচিত। শিল্প ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সীতাকুণ্ড দেশের অন্যতম সম্ভাবনাময় জনপদ হিসেবে বিবেচিত। শিপইয়ার্ড, ভারী শিল্পকারখানা, তৈরি পোশাক খাত, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে কেন্দ্র করে এ অঞ্চলের অর্থনীতি বিকশিত হয়েছে। পাশাপাশি সমুদ্র উপকূল, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটন, বাণিজ্য ও শিল্প সম্প্রসারণেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনার পাশাপাশি দীর্ঘদিনের নানা সমস্যাও রয়েছে। স্থানীয়দের মতে, সড়ক যোগাযোগে অতিরিক্ত চাপ, যানজট, অপরিকল্পিত নগরায়ন, পরিবেশগত ঝুঁকি, জলাবদ্ধতা, উপকূলীয় নিরাপত্তা এবং শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এলাকাবাসীর অভিমত, সীতাকুণ্ডের টেকসই উন্নয়নের জন্য শিল্পায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবকাঠামো গড়ে তোলা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

আসলাম চৌধুরীর সমর্থকদের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি সীতাকুণ্ডের সমস্যা, সম্ভাবনা ও জনআকাঙ্ক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন। তাদের ভাষ্য, উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়েই তিনি দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো এলাকার নেতৃত্বের গ্রহণযোগ্যতা নির্ধারণে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি জনসম্পৃক্ততা, উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক সক্ষমতা এবং সংকট মোকাবিলার দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিল্পসমৃদ্ধ সীতাকুণ্ডের ভবিষ্যৎ নেতৃত্বের বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক অগ্রগতি, পরিবেশ সুরক্ষা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের মধ্যে কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠা করা।

সংশ্লিষ্টদের মতে, আগামী দিনের সীতাকুণ্ডের রাজনীতিতে জনগণের আস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং মাঠপর্যায়ের জনসম্পৃক্ততাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক। যে নেতৃত্ব বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে, জনগণ শেষ পর্যন্ত তাদেরই মূল্যায়ন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে