পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “ইনসাফ ও কল্যাণের কথা বললেই হবে না। তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখলেই অনেক অপকর্ম বেরিয়ে আসবে। ইনসাফের কথা বলে অপকর্ম ঢেকে রাখা যায় না। রোববার (২৬ জুলাই) লক্ষ্ণীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছিলাম। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন এবং দেশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করছেন। কিন্তু দেশপ্রেম, রাজনৈতিক পরিপক্বতা ও জনগণের স্বার্থে যেসব বিষয় তুলে ধরা প্রয়োজন, সেসব বিষয়ে আমি খুব একটা আশাবাদী হতে পারছি না।
তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ দেশে আমাদের পাশাপাশি আরও অনেক রাজনৈতিক দল রয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসন দেখেছেন সবাই। এখন তাদের নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন মনে করি না। তবে আমার বক্তব্যে কেউ যেন আহত না হন বা কষ্ট না পান-সেজন্য নেতাকর্মীদের সবসময় সংযত থাকার আহ্বান জানাই।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্ণীপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্ণীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্ণীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ অন্যান্য নেতারা।